জানা নিউজ

লিগ আয়োজন করতে বিসিবিকে কোয়াবের চিঠি

দেশের ঘরোয়া ক্রিকেট দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকায় উদ্বেগ ও হতাশা বাড়ছে ক্রিকেটারদের মধ্যে। এই পরিস্থিতিতে দ্রুত লিগ চালুর দাবি জানিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াব চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-কে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-এর কাছে পাঠানো ওই চিঠিতে ঘরোয়া ক্রিকেট দ্রুত মাঠে গড়ানোর আহ্বান জানানো হয়েছে। রোববার পাঠানো এই চিঠিতে কোয়াব জানিয়েছে, মৌসুমের শেষ পর্যায়ে এসেও ঢাকার লিগ ক্রিকেটে অচলাবস্থা বিরাজ করছে। তৃতীয় বিভাগ লিগ শুরুর কোনো প্রস্তুতি নেই, দ্বিতীয় বিভাগে অনেক ক্লাব অংশ নেয়নি, আর ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সব মিলিয়ে পরিস্থিতিকে ‘চরম হতাশাজনক’ বলে উল্লেখ করেছে সংগঠনটি। এই অচলাবস্থার পেছনে রয়েছে বিসিবি ও ক্লাব কর্তাদের মধ্যে মতবিরোধ। তৎকালীন সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে বিসিবির সর্বশেষ নির্বাচন বয়কট করে কয়েকটি ক্লাব। পরবর্তীতে নতুন বোর্ডের অধীনেও তারা ঘরোয়া ক্রিকেটে অংশ না নেওয়ার অবস্থানে থাকে। ফলে এখনো মাঠে গড়ায়নি কোনো লিগ। চিঠিতে ক্রিকেটারদের দুরবস্থার কথাও তুলে ধরা হয়েছে। কোয়াব বলেছে, “লিগ নিয়ে অনিশ্চয়তায় ক্রিকেটাররা ভীষণ দুর্ভাবনায় আছে। অনেকেই অসহায় হয়ে লিগ শুরুর অপেক্ষায় আছেন। জীবিকার প্রধান উৎস বন্ধ থাকায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে, আর্থিক সংকটে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছেন।” এ বিষয়ে বিসিবি সভাপতি দেশে ফেরার পর কোয়াবের প্রতিনিধি শামসুর রহমান শুভ মিরপুরে গিয়ে চিঠিটি তুলে দেন। একই চিঠি পাঠানো হয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস-এর কাছেও। কোয়াবের প্রত্যাশা, ঢাকার ক্রিকেটের অভিভাবক হিসেবে বিসিবি দ্রুত সব জটিলতার সমাধান করে লিগগুলো চালু করবে। এতে করে দীর্ঘদিন অপেক্ষায় থাকা ক্রিকেটাররা আবার মাঠে ফিরতে পারবেন এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসবে দেশের ঘরোয়া ক্রিকেট।