জানা নিউজ

রূপপুরের ফিজিক্স টেস্ট সম্পন্ন, অপেক্ষা চূড়ান্ত অনুমোদনের

 দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের ‘বি-২’ ধাপের ‘ফিজিক্স টেস্ট’সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক শেষ ধাপ ‘সি স্টেজ’ বা ‘পাওয়ার স্টার্টআপ’ কার্যক্রম শুরু হবে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাসান শনিবার এ তথ্য জানান। তিনি বলেন, এসব পরীক্ষার প্রতিবেদন বুধবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়েছে।

সংস্থাটির চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই পরবর্তী ধাপের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।কর্তৃপক্ষ জানায়, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের শেষ দিকে ‘পাওয়ার স্টার্টআপ’ কার্যক্রম শুরু করার প্রস্তুতি রয়েছে।

তবে এ কার্যক্রম শুরুর বিষয়টি পুরোপুরি নির্ভর করছে বায়েরা থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার ওপর।প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষার ফলাফল ও সফলতার ভিত্তিতে ধাপে ধাপে বাড়ানো হবে কেন্দ্রটির উৎপাদনক্ষমতা।