তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চতুর্থ বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত রোববার মিরপুরে এই বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গৃহীত সিদ্ধান্তসমূহ সম্পর্কে অবহিত করেছে। মিরপুর স্টেডিয়ামের ক্রিকেট একাডেমি মাঠে আন্তর্জাতিক মানসম্পন্ন ও আইএএএফ অনুমোদিত অ্যাথলেটিক রানিং ট্র্যাক স্থাপনের অনুমোদন দিয়েছে বোর্ড। এই প্রকল্পের আওতায় তিন লেনের একটি বিশেষায়িত রানিং ট্র্যাক নির্মাণ করা হবে। এছাড়া মিরপুর স্টেডিয়ামের দুটি বিকল্প ড্রেসিংরুম, খেলোয়াড়দের প্রবেশপথ এবং কমন লবি এলাকার উন্নয়নকাজের প্রস্তাব অনুমোদন করেছে বোর্ড। একইসাথে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন দিয়েছে বোর্ড। যা মূলত ঘরোয়া ক্রিকেটে কাজে লাগান হবে। এদিকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতিসংক্রান্ত পরামর্শক সেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বোর্ড। ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী বিসিবির ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের সংশোধিত ম্যাচ ফি অনুমোদন করেছে বোর্ড। এখন থেকে পুরুষ ক্রিকেটাররা ৪ দিনের ম্যাচ প্রতি দেড় লাখ টাকা, একদিনের ম্যাচে ১ লাখ টাকা, টি-টোয়েন্টি ৮০ হাজার টাকা এবং এনসিএলের দ্বিতীয় একাদশের ক্রিকেটাররা ম্যাচপ্রতি ১৫ হাজার টাকা করে পাবে। এছাড়া নারীদের ক্রিকেটে তিন দিনের ম্যাচে ৪০ হাজার, একদিনের ম্যাচে ৩০ হাজার এবং টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচপ্রতি ২০ হাজার টাকা ম্যাচ ফি ধার্য করা হয়েছে। এদিকে অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতা ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার করার অনুমোদন দেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটের কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্তও হয়েছে চতুর্থ বোর্ড সভায়। ডিসেম্বরে ৬ দল নিয়ে একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা হবে, যার ফরম্যাট টি-টোয়েন্টি। এই দলগুলো ভবিষ্যতে অন্যান্য ফরম্যাটেও খেলবে।