ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি বুধবার আঞ্চলিক মুসলিম দেশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর গোপন ঘাঁটির তথ্য ইরানকে জানায়। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।
ইরানের সংবাদ সংস্থা ডিফাপ্রেস-এর বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শেকারচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের ‘হতাশা’ এবং ইরানি সশস্ত্র বাহিনীর মোকাবিলা করতে না পারার কারণে সাধারণ মানুষ, নারী ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে।
তিনি বলেন, এসব ‘নির্লজ্জ ও বর্বরোচিত অপরাধের’ জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে। শেকারচির ভাষায়, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হবে।
শেকারচি আরও জানিয়েছেন, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। তাই তিনি মুসলিম দেশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন আমেরিকান-জায়নবাদী বাহিনীর গোপন আস্তানাগুলোর অবস্থান ইরানকে জানায়।
মুখপাত্র দাবি করেন, এমন তথ্য পেলে ইরান নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে পারবে এবং বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে। তিনি আরও অভিযোগ করেন, শত্রুপক্ষ অনেক ক্ষেত্রে স্থানীয় মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে।