যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা বিমানে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইরান। ওয়াশিংটনের কাছে এমন বিরল উড়োজাহাজ রয়েছে মাত্র ১৬টি। বিশেষ রাডার সংযুক্ত এই আকাশযানটি আগাম সতর্কতা দেয়া ও গোয়েন্দা তথ্য পাঠানোর মাধ্যমে আকাশ নিয়ন্ত্রণের কাজে সহায়তা করত।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। এর আগে গত শুক্রবার সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এ সময় এ আকাশযানটিকে টার্গেট করা হয়। ওই হামলায় যুক্তরাষ্ট্রের ১২ সেনাও আহত হন। এছাড়া একই হামলায় কয়েকটি রিফুয়েলিং বিমানও ধ্বংস হয়। প্রকাশিত ভিডিও বার্তায় দেখা গেছে, বোয়িং ই-৩ সেনট্রি মডেলের উড়োজাহাজটি প্রায় ধ্বংস হয়ে গেছে। কয়েকজন আরব কর্মকর্তা জানিয়েছেন, একাধিক রিফুয়েলিং উড়োজাহাজের সঙ্গে এই বিশেষ বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই উড়োজাহাজ উন্নত প্রযুক্তির রাডার ব্যবহার করে কয়েকশ কিলোমিটার দূরে থাকা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে। এতে করে আকাশ থেকে সেনা কমান্ডারদের এটি যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক চিত্র দিতে পারে। এটি ধ্বংসের আগে যুক্তরাষ্ট্রের কাছে এ মডেলের মাত্র ১৬টি উড়োজাহাজ ছিল। কয়েক দশক আগে এদের সংখ্যার পরিমাণ ছিল প্রায় ৩০টি। সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ই-৩ সেন্ট্রি ফ্লিটের আকাশযান সহজে রিপ্লেস করা যায় না। আর যদিও রিপ্লেস করতে হয় তাহলে আনতে হবে ই-৭ ওয়েজটেইল বিমান। যেগুলোর একেকটির দাম ৭০০ মিলিয়ন ডলার।