জানা নিউজ

যশোর শিশু হাসপাতাল বৃহত্তর পরিসরে চালুর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালুর উদ্যোগ নেওয়া হবে। শুক্রবার (১৪ আগস্ট) যশোরের এস এম সুলতান ফাইন আর্ট কলেজ আয়োজিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মদিন উপলক্ষে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘প্রয়াত তরিকুল ইসলাম এই হাসপাতালটি শুরু করেছিলেন।

কিন্তু হাসপাতালটি দীর্ঘদিন ভগ্নদশায় পড়ে আছে। ইতিমধ্যে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণকাজ শুরু করেছি।একই সঙ্গে যশোর করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে এবং অচিরেই এটি পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে এটি উদ্বোধন করব। করোনারি কেয়ার ইউনিট চালুর পর যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালু করার উদ্যোগ গ্রহণ করব।’
অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা বিভিন্ন ব্যবস্থাপনার মধ্য দিয়ে ফ্যাসিস্ট হয়েছিলেন।  আজ যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন, তাদের একটি বৃহৎ অংশ তাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছে, তখন সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘এরা (যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল) মুখে গণতন্ত্রের কথা বলে, অন্তরে ফ্যাসিস্টকে লালন করে। সুযোগ পেলে তারা আবারও ছোবল মারবে।’

প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে প্রতীকী মূল্যে এস এম সুলতান ফাইন আর্ট কলেজকে জমি দেওয়ার সুযোগ থাকলে তা দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।

এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, এ কে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীতে এস এম সুলতান ফাইন আর্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ৫০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।