জানা নিউজ

মেসি এবার স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাবের মালিক হতে যাচ্ছেন

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনতে ‘প্রাথমিক চুক্তি’ করেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। ক্লাবটির পক্ষ থেকেই বিষয়টি জানানো হয়েছে।

এলদেন্সের বিবৃতিতে বলা হয়েছে, গ্রুপো টিএইচ সলুসিওনেসের মালিকানাধীন শেয়ার কিনতে মেসির সঙ্গে একটি প্রাথমিক চুক্তি হয়েছে। চুক্তিটি সম্পন্ন হলে ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হবেন মেসি।

তবে চূড়ান্ত মালিকানা হস্তান্তরের আগে বেশ কিছু আইনি ও চুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া এবং স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) প্রয়োজনীয় অনুমোদন।

এলদেন্সের মালিক হলে স্পেনে মেসির বিনিয়োগ করা ক্লাবের সংখ্যা দাঁড়াবে দুইয়ে। এর আগে গত এপ্রিলে কাতালান ক্লাব করনেল্লার মালিকানা কিনেছিলেন ৩৯ বছর বয়সী সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনা ১-০ গোলে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসর নিয়েছেন তিনি।

এলদেন্স বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকায় ২০তম স্থানে রয়েছে। চলতি মৌসুমে চার ম্যাচে তাদের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট। এরই মধ্যে চলতি সপ্তাহে প্রধান কোচ ক্লদিও বাররাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ক্লাবটি।

স্পেনের পঞ্চম স্তরের ফুটবলে খেলা করনেয়া গত এপ্রিলে মেসির মালিকানা প্রসঙ্গে বলেছিল, তার বিনিয়োগ বার্সেলোনার সঙ্গে মেসির ঘনিষ্ঠ সম্পর্ক এবং কাতালোনিয়ায় খেলাধুলা ও স্থানীয় প্রতিভার উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে।

১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে স্পেনে পাড়ি জমান মেসি। ২০০৪ সালের অক্টোবরে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে রেকর্ড ৬৭২ গোল করেন তিনি। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেন মেসি। এরপর ২০২৩ সালে নাম লেখান ইন্টার মায়ামিতে।

মেসির সাবেক রিয়াল মাদ্রিদ প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও স্পেনের ফুটবলে বিনিয়োগ করেছেন। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের এই পর্তুগিজ তারকা গত ফেব্রুয়ারিতে স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনেছিলেন।