শিক্ষার্থী, বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেল ও আন্তনগর ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার, ৩ মার্চ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “যারা শারীরিক প্রতিবন্ধী, বয়স্ক ৬৫ ঊর্ধ্ব ও শিক্ষার্থী, তাদের জন্য আন্তনগর ট্রেন ও মেট্রোরেলে আমরা ২৫ শতাংশ ভাড়া ছাড় দেব।” তবে এই সুবিধা পেতে নির্দিষ্ট পরিচয়পত্র দেখাতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বয়স্কদের জাতীয় পরিচয়পত্র এবং বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তিদের জন্য মন্ত্রণালয়ের দেওয়া কার্ড প্রদর্শন করতে হবে।
অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রেও এ সুবিধা যুক্ত হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, “অনলাইনে অপশন থাকবে। আপনি আইডি কার্ড দেখালে ৬৫ প্লাস হলে ওই ২৫ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন। অনবোর্ডেও আইডি কার্ড শো করতে হবে।”
সরকার ঈদের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করতে চায়। শেখ রবিউল আলম বলেন, “আমরা এটি ঈদের আগেই বাস্তবায়নের চেষ্টা করছি। সময় একটু কম। কোরবানি ঈদের আগে এটা নিশ্চিত হয়ে যাবে এবং কার্যকর হবে।”
রেল সেবার সামগ্রিক উন্নয়ন নিয়েও কথা বলেন মন্ত্রী। তার ভাষ্য, সরকার রেলের সার্বিক উন্নয়ন চায়। সেবার মান বাড়ানো, ট্রেনের গতি বৃদ্ধি এবং যাতায়াতের সময় কমিয়ে আনার জন্য বিদ্যমান প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়া হবে। নতুন কিছু প্রকল্পও নেওয়া হচ্ছে, যাতে রেল সেবা আরও শক্তিশালী ও জনবান্ধব হয়।
আসন্ন ঈদযাত্রা নিয়েও আশাবাদী তিনি। মন্ত্রী জানান, ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ ব্যবহারের চেষ্টা চলছে। সেটি সম্ভব হলে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা কমবে। অতিরিক্ত যাত্রী সামাল দিতেও প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
সড়কপথে ভাড়া বাড়ানো নিয়েও সতর্ক বার্তা দেন শেখ রবিউল আলম। তার ভাষ্য, ঈদে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত আদায়ের সুযোগ নেই। পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং নজরদারি থাকবে। “ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই,” বলেন তিনি।
ঢাকা থেকে স্বল্প সময়ে বিপুল সংখ্যক মানুষের একযোগে যাত্রার চাপের কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে বিপুল মানুষ শহর ছাড়ায় চাপ তৈরি হয়। তবে সমন্বিত প্রস্তুতির মাধ্যমে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।