মুক্তির আগেই আলোচনায় শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বিদেশি প্রদর্শনস্বত্ব বিক্রি করে রেকর্ড ১৭৫ কোটি রুপি পেয়েছে সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি প্রদর্শনস্বত্ব এককভাবে ১০০ কোটি রুপির সীমাও ছাড়ায়নি। আন্তর্জাতিক বাজারে ‘কিং’-এর পরিবেশনার স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস। শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে এবার নতুন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সিনেমাটির নির্মাতারা। বিদেশি স্বত্বের জন্য ন্যূনতম ১৭৫ কোটি রুপি দিতে রাজি হয়েছে ফার্স ফিল্মস। বড় অঙ্কের এই চুক্তি আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ঘিরে পরিবেশকদের উচ্চ প্রত্যাশারই ইঙ্গিত দিচ্ছে। তবে এই চুক্তির সঙ্গে রয়েছে বড় অঙ্কের ব্যবসার হিসাবও। সাধারণত আন্তর্জাতিক বাজারে বক্স অফিসে বিক্রি হওয়া টিকিটের মোট অর্থের প্রায় ৫০ শতাংশ পান পরিবেশকেরা। সেই হিসাবে বিনিয়োগের অর্থ তুলে আনতে ‘কিং’-কে আন্তর্জাতিক বাজার থেকে আয় করতে হবে প্রায় ৩৭ থেকে ৪০ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি। অর্থাৎ বিদেশের বাজারেই সিনেমাটিকে বড় ধরনের ব্যবসায়িক সাফল্য পেতে হবে। এই লক্ষ্য পূরণ করতে হলে আন্তর্জাতিক বাজারে শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে ‘কিং’-কে। সিনেমা দুটি বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপির বেশি আয় করেছিল। ফলে নতুন সিনেমাটি সেই সাফল্য ছাড়িয়ে যেতে পারে কি না, তা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা। ‘পাঠান’-এর পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অভিনয় করছেন শাহরুখ। তবে সিনেমাটির অন্যতম আকর্ষণ বাবা-মেয়ে শাহরুখ ও সুহানাকে প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় দেখা। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।