জানা নিউজ

মানুষের ভাগ্য বদলের পরিকল্পনার কথা বললেন প্রধানমন্ত্রী

দেশ গঠন ও মানুষের জীবনমান পরিবর্তনে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরের শাহরাস্তিতে ঐতিহাসিক খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, এমন পরিকল্পনাই গ্রহণ করতে চান, যা বাস্তবায়িত হলে দেশের মানুষের সরাসরি উপকার হবে।

শনিবার (১৬ মে) দুপুরে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খাল পুনঃখনন উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, “আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যে পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, দেশ সামনে এগিয়ে যাবে।”

সমাবেশে প্রধানমন্ত্রী দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়ে বলেন, “আজ থেকে আমাদের একটাই কাজ হওয়া উচিত, দেশ গঠন। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এটিই হোক আমাদের প্রতিজ্ঞা।”

খাল পুনঃখননের বিষয়টি তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করতে জলাধার ও খাল রক্ষা জরুরি। “এই খাল যদি খনন না করি, কৃষক ভাইয়েরা কি পানি পাবে? পাবে না। খাল খনন করলে কৃষকরা পানি পাবে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের ২০ কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব। “৪০ কোটি হাত একসাথে কাজ করলে ইনশাআল্লাহ বাংলাদেশকে পৃথিবীর বুকে সম্মানের জায়গায় নেওয়া যাবে।”

খাল পুনঃখননের এই কর্মসূচির সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রায় ৪৮ বছর আগে জিয়াউর রহমান এই খোর্দ্দ খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। এবার সেই খাল পুনঃখননের মাধ্যমে নতুনভাবে কৃষি ও পরিবেশ রক্ষার কাজ শুরু হলো।

বেলা ২টা ৪০ মিনিটে খালপাড়ে পৌঁছে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটেন এবং খালের তীরে বৃক্ষরোপণ করেন।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের ফলে এলাকায় সেচ সুবিধা বাড়বে এবং জলাবদ্ধতা কমবে। এতে কয়েক হাজার কৃষক পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের চেষ্টা চলছে। তিনি বলেন, “বিএনপির শক্তির উৎস জনগণ। জনগণের সমর্থন যতদিন থাকবে, দেশ গড়ার কাজ ততদিন চলবে।”

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।