জানা নিউজ

মাছ-মুরগির দাম স্থীতিশীল, ৮০০ করে গরুর মাংস

পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহ চলছে। তবে বাজারে এখনও দ্রব্যমূল্যে তেমন পরিবর্তন দেখা যায়নি। রোজার প্রথমে পণ্যর দাম কিছুটা বাড়তি দামে বিক্রি হলেও এখনও তা নিয়ন্ত্রণে আসেনি। বাজারের তথ্য বলছে, গত সপ্তাহের মতই এই সপ্তাহেও বিক্রি হচ্ছে নিত্যপণ্যে।

আজ শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার বিশ্লেষণে দেখা গেছে, মাছ, ব্রয়লার মুরগী ও গরুর মাংসের দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে। বাজারে দুই শত টাকার নিচে কোনো মাছ নেই। আর ব্রয়লার মুরগী ১৭৫ থেকে ১৮০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এখন গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। তবে সপ্তাহ ব্যবধানে সামান্য কমেছে বয়লার মুরগির দাম।

প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকা দরে; যা গত সপ্তাহে ছিল ১৯০ থেকে ১৯৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা। একইভাবে দর কমেছে সোনালি জাতের মুরগির। এ জাতের মুরগি কিনতে ক্রেতাকে কেজিতে গুনতে হবে ৩০০ টাকা; যা সপ্তাহ আগে ছিল ৩২০  টাকা। এ ছাড়া গরুর মাংসের কেজি পাওয়া যাচ্ছে ৮০০ টাকায়। যা গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে।

এদিকে মাছের বাজারে প্রতি কেজি পাঙ্গাস ২০০ টাকা থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, মৃগেল ৩০০ থেকে ৩২০ টাকা, দেশি টেংরা ৪৫০ টাকা, বেলে ২৫০ টাকা,  বাইন ৬০০ টাকা, চিংড়ি ৯০০ টাকা, পাবদা ৪০০, কই ৩৫০ থেকে ৪০০ টাকা, শিং ৪০০শ টাকা, পোয়া ২৬০ টাকা, সইল ৭০০ টাকা, টাকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চিংড়ির দাম বেশি দেখা গেছে। আকার ও জাতভেদে প্রতি কেজিতে খরচ করতে হচ্ছে ৫৫০ থেকে ৯০০ টাকা।