জানা নিউজ

মরিনিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন রদ্রি

রদ্রিকে দলে পেতে আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত স্প্যানিশ মিডফিল্ডারকে দলে ভেড়াতে পারেনি তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন রদ্রি। রিয়ালের আগ্রহ ও কোচ হোসে মরিনিওর আচরণের প্রতি কৃতজ্ঞতা জানালেও, নিজের ফুটবলীয় ভবিষ্যতের কথা ভেবেই বার্সেলোনাকে বেছে নিয়েছেন তিনি। সম্প্রতি মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া সহজ সিদ্ধান্ত ছিল না। বিশ্বকাপের পর ছুটি কাটানোর পরিকল্পনা থাকলেও, দুই ক্লাবের প্রস্তাব বিবেচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। রদ্রির ভাষায়, ‘মাদ্রিদকে না বলা সহজ নয়। বিশেষ করে, তারা আমার সঙ্গে যেভাবে আচরণ করেছে, তা ছিল অসাধারণ। তবে শেষ পর্যন্ত ক্রীড়াগত দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি-কোথায় খেলোয়াড় হিসেবে আরও ভালো করতে পারব, কোথায় নিজেকে আরও বিকশিত করতে পারব।’ বার্সেলোনার ক্রীড়া পরিচালক দেকো ও কোচ হান্সি ফ্লিকের পরিকল্পনা তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে বলেও জানান রদ্রি। তাদের সঙ্গে আলোচনার পরই বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রিয়ালের কোচ মরিনিওর সঙ্গেও ব্যক্তিগতভাবে কথা বলেছেন রদ্রি। তবে সেই আলাপের বিস্তারিত প্রকাশ করতে চাননি তিনি। শুধু জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার পর মরিনিওকে ফোন করে তার আগ্রহ ও ভালো আচরণের জন্য ধন্যবাদ জানিয়েছেন। রদ্রি বলেন, ‘ব্যক্তিগত কথোপকথনের বিস্তারিত প্রকাশ করা ঠিক হবে না। তবে তিনি আমাকে দলে পেতে চেয়েছিলেন এবং আমি দলকে কী দিতে পারি, তা জানিয়েছিলেন। তার আচরণ খুব ভালো ছিল। সিদ্ধান্ত নেওয়ার পর আমি তাকে ফোন করে আগ্রহ ও আচরণের জন্য ধন্যবাদ জানিয়েছি।’ মরিনিওকে ‘দারুণ একজন কোচ’ উল্লেখ করে রদ্রি আরও বলেন, ‘তিনি যেখানে কাজ করেছেন, সেখানেই নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন। লা লিগায় রিয়াল মাদ্রিদ কঠিন প্রতিপক্ষ হবে।’ রিয়াল মাদ্রিদকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্তের পেছনে ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতি কিংবা অন্য কোনো বিতর্ক প্রভাব ফেলেছিল কি না, এমন প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন রদ্রি। এসব বিষয়ে খুব একটা মনোযোগ দেননি বলে জানিয়েছেন তিনি। বরং ফুটবলেই মনোযোগ ধরে রাখতে চেয়েছেন স্প্যানিশ এই মিডফিল্ডার।