ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভিমরুলের কামড়ে নানি (৬২) ও নাতনির (৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম ও তার নাতনি আদিবা (৫)। আদিবার মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করায় সে তার নানার বাড়িতে বসবাস করতেন।
নাওগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল হক ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই গ্রামের আব্দুল মোতালেবের বাড়ির পাশে পুকুরে ভিমরুল বাসা বেধেছে।
তবে, বিষয়টি তাদের কারোর জানা ছিল না। সকালে নাতনি আদিবা পুকুর পাড়ে গেলে ভিমরুল তাকে কামড় দেয়।বিষয়টি বৃদ্ধা নানি সুমরি বেগম দেখতে পেয়ে আদিবাতে বাঁচাতে যায়। এসময় নানী সুমরি বেগমকেও ভিমরুল কামড়ে আহত করে। ভিমরুলের কামড়ে ঘটনাস্থলেই আদিবার মৃত্যু হয়। পরে নানি সুমরিকে স্বজনরা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তারও মৃত্যু হয়। লাশ দুটি দাফনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।