ধারাবাহিক দরপতনের পর অবশেষে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৪ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক শূন্য দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৪ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৫ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। গতকাল ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১২৯টির এবং ৬৪টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের হিসাবে, গতকাল ডিএসইতে প্রায় ৯০৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৫৬ কোটি ১৯ লাখ টাকা। অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সোমবার শেয়ার ও ইউনিট মিলে ৩৫ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সিএসইতে মোট ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ এক দিনের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে। গতকাল সিএসইতে মোট ২১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৯৯টির দর কমেছে এবং ২৮টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১০ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬২৮ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সিএএসপিআই সূচক ১০৬ দশমিক ৯৫ পয়েন্ট কমেছিল।