জানা নিউজ

ভ্যানিটি ব্যাগে মিললো ৯ ককটেল, নিষ্ক্রিয় করল এসআরবি

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগ থেকে নয়টি ককটেল উদ্ধার করেছে এসআরবি-২। নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংস্থাটি।

পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিরাপদ স্থানে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করেন।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার নিজস্ব গোয়েন্দা সূত্রে এসআরবি-২ জানতে পারে, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় নাশকতার উদ্দেশ্যে বেশ কিছু ককটেল মজুত রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে সংস্থাটির একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায়।

 

অভিযানের একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ভ্যানিটি ব্যাগে নয়টি ককটেল শনাক্ত করা হয়। পরে এসআরবি-২-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করেন।

নিরাপত্তার স্বার্থে সেগুলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।এসআরবি-২-এর এই কর্মকর্তা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদার করা হয়েছে। ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।