জানা নিউজ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শাহবাগে অবরোধ

শাহবাগে বরিশাল-ভোলা সেতুর দাবিতে অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

তারা শাহবাগ চত্বর শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় অবরোধ করেন।

আন্দোলনকারীদের ভাষ্য, “আমাদের প্রধান দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। ভোলার প্রতিটা মানুষ এই দাবিকে সমর্থন করে। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই দাবির সঙ্গে পুরো ভোলাবাসীর সমর্থন রয়েছে। যে কারণে আমরা দাবি আদায়ের রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আশা করবো, সরকার আমাদের দাবি মেনে নিয়ে খুব দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন।”

তারা বলেন, আমরা কয়েকদিন ধরে সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করছি। আজ আমরা একটি মিছিল বের করেছি, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাই।

ভোলা-বরিশাল সেতু চালু হলে দুই দিকের মানুষের সংযোগ স্থাপন হবে, মানুষই খুবই উপকৃত হবে। তাই আমরা চাই সরকার আমাদের দাবি বিবেচনায় নিয়ে প্রত্যাশার এই সেতু নির্মাণ করে দিক।