জানা নিউজ

ভোলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত আহত ২০

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে লালমোহনের গজারিয়া বাজার এলাকার ডা. আজহার উদ্দিন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুপুর সোয়া ১২টার দিকে ভোলা বাস টার্মিনাল থেকে চরফ্যাসনের উদ্দেশ্যে একটি বাস ছেড়ে যায়। দুপুর ২টার দিকে লালমোহনের গজারিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।