ক্যারিয়ারের চতুর্থ সিনেমা দিয়েই ভেনিসের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া রুবাইয়াতের জন্য পথটি সহজ ছিল না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সিনেমার মধ্য থেকে ধাপে ধাপে বাছাই করে উৎসবের বিভিন্ন বিভাগে সিনেমা নির্বাচন করা হয়। সেই কঠিন প্রক্রিয়া পেরিয়ে এবার মূল পুরস্কার ঘোষণার আগেই বড় স্বীকৃতি পেল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর ২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে শুরু হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে অফিসিয়াল শাখার পুরস্কার। ফলে অরিজন্তি বিভাগে থাকা বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য আরও একটি বড় স্বীকৃতির অপেক্ষা থাকছে।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।
ভেনিসের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গেল বৃহস্পতিবার শুরু হওয়া উৎসবটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।