তিনি বলেন, জমি নিয়ে বিরোধ ও জটিলতার কারণে দেশের বহু পরিবার নিঃস্ব হচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের সমন্বিত সিস্টেমে হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাইকরণের বাস্তবায়নবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
ভূমিমন্ত্রী মিনু বলেন, দীর্ঘদিনের ভূমি ব্যবস্থাপনার জটিলতা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। জমি নিয়ে বিরোধ ও অসন্তোষ নিরসনে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ইউএনও, এসিল্যান্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা, সততা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও অসহায় কৃষকদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন এবং ভূমিদস্যুরা যেন কোনোভাবেই প্রশ্রয় না পান, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দায়িত্ব পালনে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল হলে তা স্বীকার করে সংশোধনের মানসিকতা থাকতে হবে। প্রত্যেক কর্মকর্তাকে নিজের দায়িত্বের প্রতি সচেতন থাকতে হবে। মানুষের সেবা করার পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে জবাবদিহির অনুভূতি নিয়েও কাজ করতে হবে।
নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার উদাহরণ তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, সম্প্রতি মন্ত্রণালয়ে প্রায় ৫৫৭ জন কানুনগো নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনৈতিক লেনদেন ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে বলে তিনি উল্লেখ করেন।