তীব্র ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জনেরও বেশি লোক।শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রয়েছে। আহতরাও ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।মিটফোর্ড হাসপাতালের বরাত দিয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার জানান, কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তরা খসে নিচে পড়ে। সেখানে গরুর মাংস বিক্রির দোকান ছিল। দেয়াল ও ইট-পলেস্তরা খসে নিচে পড়লে সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত ১০ জন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, আরমানিটোলার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি বাড়ির অংশবিশেষ ভেঙে তিনজন মারা গেছেন।
এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, কলাবাগান এলাকায় একটা বাড়ি আংশিক হেলে যাওয়ার সংবাদ পাওয়া যায়। সুত্রাপুর এলাকায়ও একটি বাড়ি আংশিক হেলে পড়ার সংবাদ পাওয়া গেছে।ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে জানিয়ে তিনি বলেন, বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।