জানা নিউজ

ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে ৫ লাখ টাকা সহায়তা

ভাষাসৈনিক প্রয়াত আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণী গুলবদন নেছা মনিকাকে দেখতে তার মোহাম্মদপুরের বাসভবনে গেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বুধবার (১৬ সেপ্টেস্বর) তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় মন্ত্রী মহান ভাষা আন্দোলনে আব্দুল মতিনের অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তার রাজনৈতিক জীবনের সংগ্রামী স্মৃতি এবং মাতৃভাষার জন্য আত্মত্যাগের কথাও উল্লেখ করেন তিনি।

নিতাই রায় চৌধুরী বলেন, ভাষাসৈনিকদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। পরে গুলবদন নেছা মনিকার চিকিৎসার জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তাঁর হাতে তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী।

একইসঙ্গে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাষাসৈনিক আব্দুল মতিনের দুই কন্যা উপস্থিত ছিলেন।