জানা নিউজ

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ।  বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টাইগাররা। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। এই চক্রে দলের বাকি ছয়টি ম্যাচ। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে অন্তত চারটিতে জয় ও একটিতে ড্র প্রয়োজন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তাই ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয় পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার বড় সুযোগ। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স মনে করেন, ফাইনালে খেলার সম্ভাবনা খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ড্র এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যর্থতা দলের প্রস্তুতিতে প্রভাব ফেলবে না বলেও বিশ্বাস তাঁর। প্রথম টেস্টের আগে সিমন্স বলেন, ‘আমার মনে হয় সবাই টেস্ট ম্যাচের দিকে পুরোপুরি মনোযোগী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ আছে বাংলাদেশের। যা খেলোয়াড়দের উজ্জীবিত করবে। আমার বিশ্বাস সবাই দুই টেস্টের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত।’ পয়েন্ট তালিকায় এগিয়ে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে বাংলাদেশ। দুই দলের ১১টি টেস্ট সিরিজের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি, ২০০৯ ও ২০১৮ সালে। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে আটটি সিরিজ, আরেকটি ড্র হয়েছে। এ ছাড়া ২২টি টেস্টে বাংলাদেশের জয় পাঁচটি, ওয়েস্ট ইন্ডিজের ১৫টি। দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা। অন্যদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বাংলাদেশের বিপক্ষেই শেষ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। দলটির প্রধান কোচ ড্যারেন স্যামি শেষ দুই টেস্টে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন। চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেও পাকিস্তানের সঙ্গে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে ক্যারিবীয়রা। স্যামি বলেন, ‘আমরা জানি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তবে আমরাও এ বছর ভালো ক্রিকেট খেলেছি। এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে আমাদের দু’টি টেস্ট ম্যাচ বাকী আছে। শেষ সিরিজে ভালো করার সুযোগ আছে খেলোয়াড়দের। চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র ভালোভাবে শেষ করতে চাই আমরা।’ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি সহজ হবে না বলে মনে করেন স্যামি। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজ ভালোভাবে শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ।