সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৭ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। যেখানে পরিচালক পদে লড়বেন বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালও। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন নির্বাচন নিয়ে নিজের কথা। তামিম বলছিলেন, ‘ভোটারদের গিয়ে বলতে হবে আমি কী করতে চাই বা চাই না। আমার লক্ষ্যটা তাদের সাথে শেয়ার করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমার একটা সুবিধা থাকবে, এটা অস্বীকার করব না। সুবিধা কাজে আসবে না যখন এটা ভোটিংয়ে আসে। আমাকে ওইভাবে উনাদের (ভোটার) সাথে মিশতে হবে, উনাদের বুঝাতে হবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমি কী ভাবি এবং আমার পরিকল্পনা কী।’ নির্বাচনী ইস্যুতে নিজে কিছু করছেন না তামিম। ইলেকশন কমিশনের কথা জানালেন তিনি, ‘আমি নিজেকে পুরোপুরি এই জায়গা (নির্বাচনী কাজ) থেকে সরিয়ে নিয়েছি। জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের ওপর। পার্থক্য হলো আমি কোন চিঠিও সাইন করছি না, কাউন্সিলরশিপ রিটার্নও করছি না।’ তামিমের আশা সবাই ভোট দিবে, সবাই অংশগ্রহণ করবে, ‘আশা করি একটা ওপেন ইলেকশন হবে। সবাই অংশগ্রহণ করবে, সবাই সবার মতো করে ভোট চাইবে।’