ভারতের রাজধানী দিল্লি গতকাল শুক্রবার পাকিস্তানের লাহোরকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছে। দুই কোটি মানুষের শহরটিতে বায়ুর গুণমান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এবং ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ায় দৃশ্যমানতা কমে গেছে। গতকাল শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।বাতাসে বিষাক্ত উপাদানের ঘনত্বের ওপর ভিত্তি করে বায়ুর মান পরিমাপক সংস্থা ‘আইকিউএয়ার’-এর তথ্য অনুযায়ী, দিল্লিতে বায়ুমান সূচক ৩৩৪-এ পৌঁছেছে, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের অন্তর্ভুক্ত। এর ফলে দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরে পরিণত হয়েছে। সাধারণত ৫০ পর্যন্ত বায়ুমান সূচককে ‘ভালো’ হিসেবে গণ্য করা হয়, যেখানে স্বাস্থ্যঝুঁকি নেই বললেই চলে। ভারতের সরকারি সংস্থা ‘সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড’-এর হিসাব অনুযায়ী, দিল্লির বায়ুমান সূচক আরও বেশিÑ৪০৩, যাকে তারা ‘গুরুতর’ পর্যায় হিসেবে চিহ্নিত করেছে। সুইজারল্যান্ড ও ভারতের দেওয়া তথ্যের মধ্যে পার্থক্যের কারণ হলো, বায়ুদূষণের মাত্রা নির্ণয় ও শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে তারা ভিন্ন ভিন্ন সূচক ও পদ্ধতি ব্যবহার করে থাকে। সংবাদ সংস্থা এএনআই-এর ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘন ধোঁয়াশার মধ্য দিয়ে গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে; এমনকি শহরের প্রধান সড়কগুলোতে ধোঁয়াশার কারণে রাস্তার বাতিগুলোও অস্পষ্ট হয়ে পড়েছে। উত্তর ভারতের অনেক অঞ্চল এবং প্রতিবেশী পাকিস্তানে বায়ুদূষণ একটি মৌসুমি সমস্যা। শীতকালে বাতাস ঠান্ডা ও ভারী হয়ে যাওয়ায় তা যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলোবালি এবং কৃষিজমি পোড়ানোর ধোঁয়াকে আটকে ফেলে, যার ফলে বায়ুদূষণ তীব্র আকার ধারণ করে।