জানা নিউজ

বিশ্বকাপের আগে মেসির ফিটনেস নিয়ে আশার বাণী স্কালোনির

চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছেন মহাতারকা লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে তিনি কয়েক মিনিট খেলতে পারেন বলে জানিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। ৩৯ বছর ছুঁইছুঁই মেসির শারীরিক অবস্থা নিয়ে গতকাল শনিবার স্কালোনি বলেছেন, ‘লিও ভালো আছে। সে ইতোমধ্যে দলের সাথে আংশিক অনুশীলন শুরু করেছে, এখন আর পুরোপুরি আলাদা নেই। প্রীতি ম্যাচগুলোতে সে কয়েক মিনিট খেলতে পারে- এমন সম্ভাবনা রয়েছে। তবে সেটা এই ম্যাচে নাকি পরের ম্যাচে, তা আমরা দেখব।’ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ । সকালে টেক্সাসে হন্ডুরাসের মুখোমুখি হবে। এরপর বুধবার অ্যালাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ‘সে আগের চেয়ে অনেক ভালো আছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে,’ অধিনায়ক মেসিকে নিয়ে যোগ করেছেন স্কালোনি। আর্জেন্টিনা জাতীয় দলের মেডিকেল টিমকে এখন বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে। শুরুতেই রয়েছে তাদের প্রধান তারকা মেসিকে নিয়ে কাজ, যিনি ইন্টার মায়ামির হয়ে খেলা সবশেষ ম্যাচে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এবং সেকারণে হন্ডুরাসের বিপক্ষে তার খেলার কথাও ছিল না। স্কালোনি আরও নিশ্চিত করেছেন যে, কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক হুয়ান মুসো শুরুর একাদশে থাকবেন। কারণ, দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ উয়েফা ইউরোপা লিগের ফাইনালের আগে গা গরম করার সময় তার ডান হাতের অনামিকা আঙুল ভেঙে যায়। মেডিকেল টিম এমিলিয়ানোকে দুটি প্রীতি ম্যাচেই মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনি খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া, এই প্রীতি ম্যাচগুলোতে সান্তিয়াগো বেলত্রানকে কিছু সময় খেলার সুযোগ দেবেন স্কালোনি। ফলে রিভারপ্লেটের এই তরুণ গোলরক্ষকের অভিষেক হতে পারে আলবিসেলেস্তেদের জার্সিতে। রক্ষণভাগে দুই রাইট-ব্যাক নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্তিয়েল পেশির চোট থেকে সেরে উঠছেন। প্রীতি ম্যাচগুলোতে তাদের বিকল্প হিসেবে কোচিং স্টাফরা অগাস্তিন গিয়ায় ও নিকোলাস কাপালদোকে দলে ডেকেছেন। সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো গত এপ্রিলে হাঁটুতে চোট পাওয়ার পর সেরে উঠে এখন দলের সাথে অনুশীলন করছেন। তবে ম্যাচ খেলার মতো ফিটনেসের ঘাটতি রয়েছে তার। স্কালোনিকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে, তিনি রোমেরোকে কিছু সময় খেলাবেন নাকি আরও কয়েক দিন অপেক্ষা করবেন। লক্ষণীয় আরেকটি ঘটনা হলো অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজের পরিস্থিতি। হাঁটুতে প্রচণ্ড আঘাত পাওয়ার পর তিনি এখনও আলাদাভাবে অনুশীলন করছেন। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ থেকে পাজ ছিটকে গেছেন এবং বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগেও তার মাঠে ফেরাটা বেশ কঠিন হবে। এছাড়া, মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস আর স্ট্রাইকার হুলিয়ান আলভারেজও শারীরিক কিছু সমস্যা নিয়ে কানসাসে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন। তাদের অবস্থার উন্নতি হলেও প্রীতি ম্যাচগুলোতে তারা খেলার সুযোগ পাবেন কি না, তা নিশ্চিত নয়। চোটে জর্জরিত স্কোয়াডের বর্তমান পরিস্থিতি নিয়ে স্কালোনি বলেছেন, ‘অবস্থার উন্নতি হচ্ছে। তারা ভালো আছে। তবে এই ম্যাচগুলোতে আমরা তাদেরকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। পরিকল্পনা হলো, চোটে থাকা খেলোয়াড়রা নিশ্চিতভাবেই এই প্রীতি ম্যাচগুলোতে অংশ নেবে না।’