জানা নিউজ

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

অকাল প্রয়াত তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে বিশেষ সম্মাননায় ভূষিত করার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্ল্যাটফর্মটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চরকি কার্নিভাল’, যেখানে ২০২৩ ও ২০২৪ সালের সেরা কনটেন্ট ও শিল্পীদের পুরস্কৃত করা হবে। তবে এবারের আয়োজনে আলাদা করে শ্রদ্ধার জায়গা তৈরি করা হয়েছে কারিনার জন্য, যাকে প্রতিযোগিতার বাইরে রেখে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননায়।
চরকি জানিয়েছে, ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়ন তালিকায় ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রী (ফিমেল) বিভাগে মনোনীত ছিলেন কারিনা কায়সার। কিন্তু তার অকাল মৃত্যুতে তাকে প্রতিযোগিতার তালিকা থেকে সরিয়ে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত ১৬ মে তার মৃত্যু শোবিজ অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলে।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “কারিনার অসাধারণ সব কাজ রয়ে গেলেও, তিনি আজ সকল প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাই প্রয়াত কারিনা কায়সারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে এই বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে।” তিনি আরও জানান, এবারের চরকি অ্যাওয়ার্ডসে তাকে বিশেষভাবে স্মরণ করা হবে তার অবদানের জন্য।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এবারের আয়োজনে দর্শক ভোটের মাধ্যমে সেরা কনটেন্ট ও শিল্পী নির্বাচন চলছে। ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের সেরা ছবির তালিকায় রয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ এবং ‘৩৬-২৪-৩৬’।
সব মিলিয়ে উৎসবের আমেজে সাজানো চরকির এই আয়োজনের মাঝেও কারিনা কায়সারের জন্য রাখা বিশেষ সম্মাননা আয়োজনটিকে দিয়েছে এক মানবিক ও আবেগঘন মাত্রা, যা তাকে ভক্তদের স্মৃতিতে আরও গভীরভাবে স্মরণীয় করে রাখবে।