দেশের দুই সংগীত তারকা প্রীতম হাসান ও জেফার রহমানকে জুটি করে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। মুক্তির আগে থেকেই অর্থাৎ টিজার প্রকাশের পর থেকেই যা ছিল আলোচনায়। পয়লা বৈশাখের দিনে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পায় ওয়েব ফিল্মটি। তবে আলাদা কোনো ফি দিয়ে নয়, ফ্রিতেই দেখা যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত এই সিনেমা। বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়েছেন নির্মাতা। সিনেমার গল্প নিয়ে শাহীন জানান, একটা মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তুমি আমি শুধু’। মেয়েটি নিজের ইচ্ছা বা চাওয়াকেই প্রাধান্য দেয় সব সময়। নিজের জীবনটাকে নিজের ইচ্ছাতেই গড়ে তুলতে চায় সে। তার এই স্বাধীন ইচ্ছা নিয়ে একসময় তৈরি হয় জটিলতা। নির্মাতা জানান, সেই জটিলতা ঘিরে এগিয়ে যায় গল্প; সেই গল্পে নতুনত্ব খুঁজে পাবে দর্শক। এতে প্রীতমকে দেখা যাবে আবেগপ্রবণ, অন্যদিকে বাস্তববাদীর চরিত্র নিয়ে হাজির হবেন জেফার। দুই সংগীতশিল্পীকে নিয়ে পর্দায় কাজ করিয়েও সন্তষ্ট এই নির্মাতা। অভিনয়ে তারা নিজেদের প্রমাণ করেছেন বলে মন্তব্য তার। সিনেমায় আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টুসহ অনেকে।