বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। সংযুক্ত আরব আমিরাতে এক মাসের সফরে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। আগামী ১৭ অক্টোবর শুরু হয়ে সফরটি শেষ হবে ১৭ নভেম্বর। পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে দলে নেই রিচার্ড এনগারাভা। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন রাজা। গত মাসে হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ওয়ানডে দলের বেশিরভাগ ক্রিকেটারই আছেন এবারের স্কোয়াডে। তবে ইনোসেন্ট কাইয়া ও গ্রায়েম ক্রেমারের জায়গায় দলে এসেছেন তাফাদজওয়া সিগা ও ভিনসেন্ট মাসেকেসা। উরুর চোটে ভুগতে থাকা কাইয়া এখনো সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। তবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়ার আশা করছে জিম্বাবুয়ে। অন্যদিকে সিগা ও মাসেকেসার সামনে দুই সংস্করণেই অভিষেকের সুযোগ রয়েছে। ব্যাটিং বিভাগে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রেখেছে জিম্বাবুয়ে। রাজা, ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরের সঙ্গে আছেন বেন কারান, ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন ব্লেসিং মুজারাবানি। তার সঙ্গে আছেন ব্র্যাড ইভান্স, আর্নেস্ট মাসুকু ও নিউম্যান ন্যামহুরি। স্পিন বিভাগে রয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা ও মাসেকেসা। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইভান্সের বদলি হিসেবে খেলবেন কুনদাই মাতিগিমু। ১৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। ১৯ অক্টোবর তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ২১ অক্টোবর আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্ব। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর। এরপর ৫ থেকে ৯ নভেম্বর প্রথম টেস্ট এবং ১৩ থেকে ১৭ নভেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে দুই দল। জিম্বাবুয়ের ওয়ানডে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রেন্ডন টেলর, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, আর্নেস্ট মাসুকু, নিউম্যান ন্যামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।#
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, কুনদাই মাতিগিমু, নিউম্যান ন্যামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।
Next Post