মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ইতিহাস গড়েছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। উত্তর আমেরিকায় প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ১৬ কোটি ৮০ লাখ ডলার, যা দেশটির ইতিহাসে কোনো সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী দিনের আয়। এর আগে এই রেকর্ড ছিল অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর দখলে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল ১৫ কোটি ৭০ লাখ ডলার। সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছে নতুন স্পাইডারম্যান। প্রযোজনা প্রতিষ্ঠান সনি জানিয়েছে, গতকাল রোববার পর্যন্ত সিনেমাটির মোট আয় ৩২ কোটি ৫০ লাখ ডলার ছাড়াতে পারে। তবে বাজার বিশ্লেষকদের ধারণা, আয় ৩৫ কোটি ৮০ লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। সেটি হলে উত্তর আমেরিকায় সর্বকালের সবচেয়ে বড় উদ্বোধনী আয় করা সিনেমার নতুন রেকর্ড গড়বে এটি। এর আগে উত্তর আমেরিকায় সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ড ছিল অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর, যার আয় ছিল ৩৫ কোটি ৭০ লাখ ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম, যার আয় ছিল ২৬ কোটি ডলার। নতুন সিনেমাটিতে পিটার পার্কারকে এবার একেবারেই একা লড়াই করতে দেখা যাবে। আগের সিনেমার ঘটনার পর পৃথিবীর কেউই আর তাকে চিনতে পারে না। ফলে প্রেমিকা এমজে ও বন্ধু নেড-এর সাহায্য ছাড়াই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে। সিনেমাটিতে টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, জন বার্নথাল, মার্ক রাফালো, লিজা কোলন-জায়াস এবং ট্রামেল টিলম্যান।