মাস দুয়েকের বেশি সময় ধরে ইনজুরিতে ভুগছেন নাহিদ রানা। খেলা হয়নি বেশ কয়েকটি সিরিজও। মিরপুর শেরে-ই-বাংলায় মাঠে ফেরার লড়াইয়ে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই পেসার। তবে দিন দুয়েক আগে আবারও কোমরে চোট পেয়েছেন নাহিদ। সেই চোটের কারণে বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন নাহিদ। বিসিবির এক কর্মকর্তা জানান, ‘এখনো সেভাবে চোট বলা ঠিক হবে না। যতটুকু জানি একটু ব্যথা অনুভব করেছে বোলিংয়ের সময়। বর্তমানে বিশ্রামে রয়েছে, গুরুতর কিছু না। বাকিটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখলে বোঝা যাবে।’ এদিকে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার নাহিদ রানা প্রসঙ্গে বলেন, ‘নাহিদ রানার ব্যাপারটা স্কিলের না। নাহিদের ব্যাপারটা হচ্ছে কোনটা করলে ওর ফেরার জন্য ভালো হবে। সেটা ওয়ানডে হতে পারে, যেহেতু ওয়ানডে প্রতিযোগিতামূলক খেলা। আবার পেস বোলিং ম্যানেজমেন্ট যদি মনে করেন তাকে লম্বা সময় ধরে একটা স্পেলে বোলিং করাতে হবে, সেটাও হতে পারে। কিন্তু সে খেলার জন্য ফিট।’ পরে নাহিদের মাঠে ফেরা নিয়ে বাশার বলেন, ‘আমরা যদি চিন্তা করা শুরু করি নাহিদ এটা খেললে ইনজুরি হয়ে যাবে তাহলে এটা কারও জন্যই ভালো না। আমার মনে হয় এই চিন্তাটা দূরে সরিয়ে রাখা দরকার। দল তো এখনো ঘোষণা করিনি। নাহিদ দলে থাকবে নাকি থাকবে না সেটা এখন পরিস্কার করে বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি খেলার জন্য সে ফিট। ওয়ানডে খেলার জন্য ফিট আছে, প্রথম শ্রেণির ক্রিকেটের জন্যও ফিট আছে। ৯ তারিখে সেটা নিশ্চিত হয়ে যাবে।’