শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও রক্তপাতের মতো পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার ধৈর্যের সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের নীতি অনুসরণ করে পরিস্থিতি মোকাবিলা করছে। কিন্তু সরকারের এসব জনমুখী উদ্যোগ গণমাধ্যমে যথাযথভাবে উঠে আসছে না।
বিগত সরকারের আমলে নির্যাতন-নিপীড়নের সময় এবং বিএনপির নেতাকর্মীদের আত্মগোপনে থাকার দিনগুলোতে যেসব সাংবাদিক দলের বক্তব্য তুলে ধরেছেন, তাদের অবদানের কথাও স্মরণ করেন তিনি।
পোশাকশিল্পের শ্রমিক আন্দোলন এবং বাংলাদেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে সাম্প্রতিক আলোচনার সমালোচনা করে রিজভী বলেন, শ্রমিক আন্দোলনের কারণে দেশের রপ্তানি অন্য দেশে চলে যাচ্ছে, এমন তথ্যের ভিত্তি কোথায়? সরকার দ্রুততার সঙ্গে পরিস্থিতি সমাধান করেছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পরাজিত শক্তি ও গণতন্ত্র হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং হত্যার রাজনীতি বন্ধ করেনি।
এ প্রসঙ্গে কয়েকটি হত্যাকাণ্ডের উল্লেখ করে রিজভী বলেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী (ছাত্রদল কর্মী), ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের রাজু মোল্লা, নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এবং জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানাকে হত্যা করা হয়েছে।
এসব ঘটনার পেছনে পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধন রয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তার অভিযোগ, প্রতিদিন হত্যা ও রক্তপাতের ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা চলছে। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে বলে তিনি উল্লেখ করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, ওই দিন দুপুর ২টায় সমাবেশ শুরু হবে এবং মাগরিবের আগেই শেষ করা হবে। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাবেশের নামকরণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উদ্ধৃত হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি স্পষ্ট করে বলেন, এটি বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ। ১৬ ডিসেম্বরের বিজয় জাতিকে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত করে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে আরও দৃঢ় করে।
যৌথসভা ও পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানুল্লাহ আমান এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।