জানা নিউজ

প্রশাসনে ভালো করছেন, তাদের দিয়ে মন্ত্রণালয় চালাচ্ছি: শিক্ষামন্ত্রী

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যেসব কর্মকর্তা প্রশাসনিক কাজে ভালো করছেন, তাদের দিয়েই শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৮ নভেম্বর) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা স্বেচ্ছায় শিক্ষা প্রশাসনে এসেছেন। আগামী দিনে প্রশাসনিক দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

এ বছর আপনাদের মধ্য থেকে সর্বাধিক ২৫ জন বিসিএস প্রশাসন ক্যাডারে এসেছেন। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে আপনাদের মধ্য থেকে যারা প্রশাসনিক কাজে ভালো করছেন, তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমরা চাই সৃজনশীলতার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়কে এগিয়ে নিতে। আগামী দিনে দেশের শিক্ষাব্যবস্থাকে প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত রেখে সামনে এগিয়ে নিতে হবে।

 

এহছানুল হক মিলন আরও বলেন, কাউকে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ না দিয়ে সরাসরি শ্রেণিকক্ষে পাঠানো হবে না। এ কারণেই এই সংক্ষিপ্ত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।