প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কিছুদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না।’ বিভ্রান্তকারীদের কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে যাবে। বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে। বাংলাদেশের মানুষ একই সাথে তার দেশের ভাগ্যের পরিবর্তন করবে।
আজ রোববার কক্সবাজারের বাঁচখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘জনগনের ভোটে নির্বাচিত বলে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। আর চলতি বছর ৪১ লাখ নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে।’
নারীদের স্বাবলম্বী করতে ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব বলেও জানা প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, ‘সমুদ্রের মালিক জনগণ, সমুদ্রকে ব্যবহার করে মানুষের জীবনমান উন্নয়নের জন্য কিভাবে কাজে লাগানো যায় সরকার তা নিয়ে কাজ করছে।’
তারেক রহমান বলেন, ‘দেশের উন্নতির জন্য শান্তিশৃঙ্খলা থাকতে হবে, কোনো বিশৃঙ্খলা করা চলবে না।’ তিনি বলেন, ‘দেশের মানুষের কর্মসংস্থানের পূর্বশর্ত দেশে শান্তি শৃঙ্খলা। বাজারে গণ্ডগোল হলে দোকানপাট বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা চাইবে, সঠিকভাবে বন্দর থেকে যেন কাঁচামাল আসতে পারে। তাই আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেশের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে হবে। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে জনগণ।’
তারেক রহমান বলেন, ‘বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন থাকলে আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবো ইনশাআল্লাহ।’ সমাবেশে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।