নতুন বাংলাদেশের মন্ত্রিসভায় প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরাসরি দায়িত্ব পেয়েছেন তিন নারী নেতা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে শপথ গ্রহণের মাধ্যমে আফরোজা খানম রিতা, শামা ওবায়েদ ইসলাম ও ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দেশ পরিচালনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। পর্যটন, পররাষ্ট্র ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পাওয়া এই তিন নেত্রী দেশের রাজনীতিতে নতুন গতিশীলতা আনবেন বলে আশা করা হচ্ছে।
মানিকগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত আফরোজা খানম রিতা প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েই সরকারের গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোটে বিজয়ী রিতা, বাবার রাজনৈতিক ঐতিহ্য ও মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন। শপথ গ্রহণের পর তিনি বলেন, “মানিকগঞ্জবাসীর আশা ও দেশের পর্যটন খাত উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কাজের মাধ্যমে নতুন দিকনির্দেশনা দিব।”
ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসন থেকে নির্বাচিত শামা ওবায়েদ ইসলাম নতুন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোটে বিজয়ী তিনি প্রথমবার সংসদে প্রবেশ করেও সরাসরি মন্ত্রিসভায় স্থান পান। শপথ গ্রহণের পর তিনি বলেন, “সংসদকে কার্যকর ও স্বচ্ছ করে দেশের অর্থনীতি ও বৈদেশিক সম্পর্কের পুনর্গঠনে কাজ করবো। জনগণের পাশে থেকে উন্নয়নমূলক উদ্যোগ এগিয়ে নেব।”
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ১২ হাজার ৭৬৬ ভোট ব্যবধানে জয়ী পুতুল নাটোরসহ উত্তরবঙ্গের একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে সরাসরি মন্ত্রিসভায় জায়গা করেছেন। তিনি জানান, “নারী ও শিশুর সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণের উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করবো।”
বিশ্লেষকরা বলছেন, প্রথমবার এমপি হয়েই এই তিন নেত্রী সরাসরি মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়ায় সরকারের নীতিনির্ধারণ ও বাস্তবায়নে নতুন উদ্যম, সততা ও দক্ষতার আশা জাগে। পর্যটন, পররাষ্ট্র ও সামাজিক উন্নয়ন খাতগুলোতে তাঁদের নেতৃত্ব দেশের জন্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।