জানা নিউজ

পাবনায় মসজিদ নির্মাণ নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার তারাপুরে গ্রামে বর্তমানে দুটি মসজিদ। একটি পুরনো মসজিদ ও আরেকটি নতুন মসজিদ নামে পরিচিতি। গত কয়েক বছর আগে পুরনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে ঝামেলা হয়। মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিনসহ একটি পক্ষ কিয়াম পড়ার পক্ষে অবস্থান নিয়ে নতুন মসজিদ নির্মাণ করেন। সমপ্রতি এ মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু একই গ্রামে দুটি মসজিদ নির্মাণে আপত্তি জানায় ভিন্ন আরেকটি পক্ষ। গতকাল শুক্রবার সকালে নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় ওই পক্ষ। এসময় হাঁসুয়া, ট্যাটা ও লাঠিসোটা নিয়ে উভয়পক্ষের প্রায় ২০০-২৫০ লোকের মধ্যে সংঘর্ষে হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তাহমিনা সুলতানা নীলা বলেন, আমাদের এখানে ৩০ জনের মতো চিকিৎসা নিয়েছেন। আপাতত দুজন ভর্তি রয়েছেন। ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া ও পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান বলেন, কিয়াম পড়া নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। শুক্রবার সকালে মসজিদের বারান্দা তৈরির সময় সংঘর্ষ হয়। আপাতত পরিস্থিতি স্বাভাবিক। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কোনো আটক নেই।