জানা নিউজ

পহেলা বৈশাখে ২২ হাজার কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, টাঙ্গাইল থেকে উদ্বোধন

কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে পহেলা বৈশাখে পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করছে সরকার। প্রথম ধাপে ১১টি উপজেলার প্রায় ২২ হাজার কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। টাঙ্গাইল সদর থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, পহেলা বৈশাখে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করা হবে।

সরকারের এই উদ্যোগ মূলত নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। কৃষকদের জন্য একটি সমন্বিত ও ডিজিটাল পরিচয় নিশ্চিত করা, পাশাপাশি সরকারি সহায়তা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কার্ড চালু করা হচ্ছে। প্রথম ধাপে প্রায় ২১ হাজার ৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তাও পৌঁছে দেওয়া হবে।

আতিকুর রহমান রুমন বলেন, “এই কার্ড কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের দেওয়া হবে। এটি ডেবিট কার্ড হিসেবে কাজ করবে।” তিনি জানান, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে আড়াই হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে, যা দিয়ে তারা সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য কিনতে পারবেন।

টাঙ্গাইল সদর ছাড়াও পঞ্চগড়ের কমলাপুর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে।

বৈঠকে কৃষকদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি এবং ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ভর্তুকি ও প্রণোদনা সরাসরি পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্ড চালু হলে কৃষকদের জন্য সরকারি সহায়তা আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণের অগ্রগতি দৃশ্যমান করার কথাও উল্লেখ করেন।