জানা নিউজ

পশ্চিম তীরে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত, আহত ৬ ইসরায়েলি সেনা

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনিকে হত্যার কথা জানিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল শুক্রবার অবৈধ তেলেম বসতির কাছে রিজার্ভ সেনাদের একটি ব্যাটালিয়নে হামলার পর এ ঘটনা ঘটে। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, এই বন্দুকযুদ্ধে অন্তত ছয় ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি সূত্রের দাবি, ফিলিস্তিনিরা ইসরায়েলি নম্বরপ্লেটযুক্ত একটি গাড়িতে করে এসে হেবরনের আশপাশের একটি সামরিক চৌকির কাছে সেনাদের লক্ষ্য করে গুলি চালান। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ২০ মিনিট ধরে গোলাগুলি চলে। পরে ইসরায়েলি সেনাবাহিনী দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে এবং শহরজুড়ে অবরোধ জারি করে। সাম্প্রতিক অঞ্চলটিতে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের সহিংসতা বেড়েছে। বিশেষ করে চলতি জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনিদের ওপর এসব হামলার ঘটনা ঘটছে। এদিকে আগামী মঙ্গলবার ইসরায়েলের নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এ ঘটনার পর গতকাল শুক্রবারের নির্বাচনী কর্মসূচি বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির অধিকৃত পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘অনেক দেরি হওয়ার আগেই আমাদের পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দিতে হবে, নিরস্ত্র করতে হবে এবং তাদের সন্ত্রাসী অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে হবে।’