রাজধানীর মিরপুরের পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনায় একাধিক মামলার আসামি টান আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব বলছে, গ্রেপ্তার আকাশ কুখ্যাত সন্ত্রাসী।
মঙ্গলবার (১৬ জুন) র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নুরাঙ্গীর নাহিদ এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত ১০ জুন পল্লবীর অ্যাভিনিউ-৫ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ল্যাংড়া রুবেল’ গ্রুপের সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গোলাগুলির ঘটনা ঘটে।
এসময় টান আকাশ, গালকাটা রাব্বি, আল-আমিন, র্যাপার পারভেজসহ কয়েকজন বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ ঘটনায় হৃদয় ওরফে গন্ডার আহত হন ও আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত টান আকাশের অবস্থান শনাক্ত করা হয়।পরে মঙ্গলবার ভোরে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টান আকাশ পল্লবীসহ আশপাশের এলাকায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।নুরাঙ্গীর নাহিদ জানান, গ্রেপ্তার হওয়া টান আকাশের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকসহ নানা অভিযোগে অন্তত ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।