জানা নিউজ

পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার বিকেলে নগরীর পতেঙ্গার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনে এসে বললেন, “আমাদের ট্যাক্স বাড়াতে হবে। সেইসাথে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ যদি না হয় তাহলে দেশে কর্মসংস্থান হবে না। বিএনপি সরকারের বড় একটি কর্মসূচি হলো কর্মসংস্থান গড়ে তোলা। এজন্য আমরা দেশি-বিদেশি বিনিয়োগে জোর দিচ্ছি।”

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির জন্য সংকটময় পরিস্থিতি তা কাটাতে হলে আমাদের ট্যাক্স বাড়াতে হবে। সরকার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি নিয়েও কাজ করছে। শিক্ষার মানোন্নয়নেও সরকার কাজ করছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর বলেন, আমরা শিক্ষার পরিবর্তন ঘটাবো। আর স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের বিষয়ে নির্বাচনের আগে জাতির কাছে বিএনপি ওয়াদা করেছিল। সেটি পূরণ করা হবে। আগামী বাজেটেও কর্মসংস্থান প্রাধান্য পাবে বলে জানা পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, এটা করার জন্য যা যা করার দরকার সেটা করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, বন্দরনগরীর মেরিন ড্রাইভে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। এখানে নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে। সেইসাথে টেকনোলজিস্টদের জন্য আরেকটি ইনস্টিটিউট করা হবে। এখানে বাংলাদেশের ঘাটতি রয়েছে। এজন্য আমাদের একটি বড় জায়গা দরকার। কয়েকটি জায়গা আমরা দেখছি। তার মধ্যে মেরিন ড্রাইভের এই জায়গাটি একটি। কিন্তু কিছু জায়গায় কিছু সমস্যা থাকে।

‘আমরা সবকিছু বিবেচনা করে ভালোটা নিব। এটি হবে জেনারেল হাসপাতাল তবে সেখানে বিশেষায়িত কয়েকটি ইউনিট থাকবে। মানুষ আরও সহজে ভালো স্বাস্থ্য সেবা পাবে। আমি চট্টগ্রাম-১১ আসনে ১১ দফা ইশতেহার দিয়েছি যা ১১ তে ১১ নামে পরিচিত। সেগুলো ইনশাল্লাহ করব আমি’-যোগ করেন তিনি।