ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন ও বিশেষ উৎসাহ জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে গিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাইনালে শিরোপা লড়াইয়ে হেরে গেলেও নারী ফুটবলারদের মনোবল যেন অটুট থাকে, সেই লক্ষ্যে তিনি ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন।
বাফুফে ভবনে আয়োজিত সভায় আমিনুল হক বলেন, ‘আমাদের মেয়েরা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে এবং তারা মাঠে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে লড়াই করেছে। ফাইনালে পরাজয় সাময়িক, কিন্তু এই পারফরম্যান্স দেশের ফুটবলের অগ্রযাত্রারই প্রতিফলন।
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেক সময় আমরা হারলে হতাশা প্রকাশ করি বা মুখ ফিরিয়ে নিই, কিন্তু আমার দৃষ্টিতে এটি পরাজয় নয়, বরং ফুটবলের জয় হয়েছে।’ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান যে, সংবাদমাধ্যমে দলের পরাজয়ের খবর জানার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে তাকে খেলোয়াড়দের সঙ্গে দেখা করার নির্দেশনা দেন, যাতে কোনো ফুটবলার হতাশায় ভেঙে না পড়েন।
প্রধানমন্ত্রীর এই নিরবচ্ছিন্ন সমর্থনের বার্তা দলের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনি খেলোয়াড়দের ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করেন।পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফেরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো পরাজয়ই ভবিষ্যতে ভালো কিছু করার শক্তি জোগায়।
বাংলাদেশ দলের মেয়েরা অত্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে। বর্তমান সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ফুটবলকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি দৃঢ় আশাবাদী যে, এই মেয়েরা ভবিষ্যতে আরও দুর্দান্ত পারফর্ম করবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।’বাফুফে ভবনে আয়োজিত এই বিশেষ সভায় প্রতিমন্ত্রী নারী ফুটবলারদের দীর্ঘমেয়াদী সফলতার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক ও আর্থিক সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন।