জানা নিউজ

নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের ভোটকেন্দ্রে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, “সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না। যদি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তবুও কোনোভাবেই কেন্দ্র ত্যাগ করা যাবে না। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের মূল কাজ হবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, উসকানি বা বিশৃঙ্খলা প্রতিহত করা এবং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রযুক্তিনির্ভর রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা।

আনসার মহাপরিচালক জানান, এবারের নির্বাচনে সারাদেশে মোট ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্বে থাকবেন। এর মধ্যে সর্বোচ্চ মোতায়েন হয়েছে ঢাকায়। মহানগরের চারটি জোনের ৩৬ থানার ২১৩১টি ভোটকেন্দ্রে ২৭ হাজার ৭০৩ জন সদস্য দায়িত্বে থাকবেন। তিনি বলেন, “এই নির্বাচন আগেরগুলোর মতো নয়। আপনারা দায়িত্বে থাকবেন, কেউ ব্যালট সিল করতে চাইলে তাকে বাধা দেবেন। এটি দেশের ১৮ কোটি মানুষের আমানত।”

তিনি সতর্ক করে বলেন, ভোটকেন্দ্রে এবার সিসি ক্যামেরা এবং সরাসরি মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত ডিজিটাল মনিটরিং চ্যানেলের মাধ্যমে প্রতিটি মুহূর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো সদস্য নির্বাচন কমিশনের নির্দেশনা বা শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ফেসবুক, ইউটিউব, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্ব পালন সংক্রান্ত ছবি বা ভিডিও প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মহাপরিচালক আরও বলেন, “আগামীর নতুন বাংলাদেশের এই আনসার-ভিডিপির এখান থেকেই শুরু হবে। দেশের মানুষ যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করব।”