পাকিস্তানি নাটকের দর্শকদের অপেক্ষার প্রহর বুঝি এবার সত্যিই শেষ হতে চলেছে। ছোটপর্দার তুমুল জনপ্রিয় ও দর্শকপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম এবং হ্যান্ডসাম হাঙ্ক শেহেরিয়ার মুনাওয়ারের বহুল প্রতীক্ষিত অনস্ক্রিন রসায়ন এবার দেখার সুযোগ মিলছে ছোটপর্দায়। সবকিছু ঠিকঠাক থাকলে তাদের নতুন ড্রামা সিরিয়াল ‘দার-ই-নিজাত’ আগামী আগস্টের প্রথম সপ্তাহেই প্রচারের আলোয় আসতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে। নাটকটি পাকিস্তানের অন্যতম শীর্ষ টেলিভিশন চ্যানেল ‘এআরওয়াই ডিজিটাল’ -এর পাশাপাশি বিশ্বজুড়ে দর্শকদের সুবিধার্থে বিকল্প হিসেবে ইউটিউব চ্যানেলেও অবমুক্ত করা হতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই বহুল আলোচিত প্রজেক্টের ফার্স্ট লুক বা প্রথম ঝলক প্রকাশ পেয়েছে, যা মুহূর্তেই নেটপাড়ায় ঝড় তুলেছে। প্রকাশ পাওয়া সাদাকালো একটি ফ্রেমে দুরেফিশান, শেহেরিয়ার এবং নামির খানকে বেশ গম্ভীর ও মননশীল আবহে দেখা গেছে। ছবিটি নেট দুনিয়ায় শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “দার-ই-নিজাত লোডিং,”যা নাটকটি নিয়ে দর্শকদের কৌতূহল ও উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এআরওয়াই ডিজিটালের শুক্র ও শনিবারের রাত ৮টার প্রাইম টাইম স্লটটিতে জায়গা করে নিতে পারে এই মেগা সিরিয়ালটি। তবে চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত নাটকটির প্রিমিয়ারের নির্দিষ্ট তারিখ বা চূড়ান্ত সম্প্রচার সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। পাকিস্তানের প্রখ্যাত ঔপন্যাসিক ও নাট্যকার উমাইরা আহমেদের দুর্দান্ত লেখনীতে ‘দার-ই-নিজাত’ পরিচালনা করেছেন দেশটির অত্যন্ত জনপ্রিয় নির্মাতা সাকিব খান। আর নাটকটি যৌথভাবে প্রযোজনা করছেন সালমান ইকবাল, সোনিয়া ইকবাল এবং স্বয়ং অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার। তারকাবহুল এই নাটকে দুরেফিশান, শেহেরিয়ার ও নামির খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানিয়া সাইদ ও মেহমুদ আসলামের মতো শক্তিশালী ও অভিজ্ঞ অভিনয়শিল্পীরা। পাশাপাশি একটি বিশেষ ক্যামিও চরিত্রে হাজির হবেন সাহার হাশমি। এই নাটকে দুরেফিশানকে ‘জারিয়াব’ নামের একটি ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে, যার কিছু খণ্ডচিত্র তিনি আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।