দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয় থেকে আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ রুহুল কুদ্দুস কাজল নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছেন। এ ছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন। পরে তাকে টিম লিডার করে আইনি সহায়তা সাব-কমিটি গঠন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। এ ছাড়া তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন।