চারিদিকে দেশাত্মবোধক গানের সুর। লাল-সবুজের পতাকায় যেন পুরো দেশ সেজেছে। ২৬ মার্চ, বাঙালি জাতির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি বাঙালি জাতির জন্য একদিকে যেমন গৌরবের, তেমনি অন্যদিকে আত্মত্যাগের এক অবিস্মরণীয় দিন।
১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের সংগ্রাম, যার মাধ্যমে বিশ্বের মানচিত্রে নতুন স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় দিবসটি পালন করছে পুরো জাতি। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পাশাপাশি সারাদেশের সব বিভাগ, জেলা, উপজেলায় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসমূহ নিজ নিজ এলাকার শহীদ বেদি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।