জানা নিউজ

দুর্ঘটনার শিকার হলেন নুসরাত বারুচা

দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত বারুচা। বর্তমানে তিনি ইন্দোনেশিয়ার বালিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে শুটিং চলাকালীন আচমকা আঘাত পাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বালিতেই একটি শুটিংয়ের কাজে অবস্থান করছিলেন নুসরাত। শুটিং ফ্লোরে আচমকা দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার জন্য আপাতত তাকে বালিতেই থাকতে হবে বলে জানা গেছে। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। এমনকি যে সিনেমার শুটিং চলাকালীন এই ঘটনা ঘটেছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। কিছুদিন আগে বালি থেকে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন নুসরাত। ধারণা করা হচ্ছে, নতুন কোনো কাজের জন্যই সেখানে গিয়েছিলেন তিনি। সম্প্রতি টাইগার শ্রফের সঙ্গে একটি সিনেমায় কাজ করার খবরও সামনে এসেছে। তবে বালিতে নুসরাতের দুর্ঘটনা ওই সিনেমার শুটিংয়ের সময়ই ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ওই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে পশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদবকে দেখা যেতে পারে বলে জানা গেছে। তবে নুসরাতের দুর্ঘটনার সঙ্গে সিনেমাটির শুটিংয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এবারই প্রথম নয়, এর আগেও শুটিং করতে গিয়ে আহত হয়েছেন নুসরাত। ২০১৩ সালে ‘আকেলি’ সিনেমার শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছিলেন তিনি। সে সময় বেশ কিছুদিন বিশ্রামেও থাকতে হয়েছিল তাকে। এরপর ‘ছোরি ২’ সিনেমার শুটিংয়ের সময় মুখে চোট পেয়েছিলেন এই অভিনেত্রী। এছাড়া ২০২১ সালে লভ রঞ্জনের একটি সিনেমার শুটিং চলাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নুসরাত। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন তিনি।