ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টিসহ (সিজেপি) কয়েকটি ছাত্র সংগঠনের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে এখন পর্যন্ত দিল্লিতে অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে আটকে রাখতে স্টেডিয়ামগুলোকে ব্যবহার করা হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ, ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানা যায়, বেলা ২টা পর্যন্ত দিল্লিতে পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে বলা হয়, দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবার রাত একটা থেকেই বিক্ষোভকারীরা দিল্লি যন্তর মন্তরের দিকে জড়ো হতে শুরু করেন।যন্তর মন্তরের দিকে যাত্রা করা বাসগুলো এবং দিল্লির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হাজারো বিক্ষোভকারীকে আটক করা হয়।অভিজিৎ দিপ ছাড়াও সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা, রত্না সিং সহ ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রথম সারির বেশির ভাগ নেতাকে আটক করা হয়েছে।