বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ বলেছেন, সংসদে সবার সামনে বলেছিলাম তারেক রহমান দেশে আসবেন, তিনি এসেছেনও। এখন দেশের বিভিন্ন স্থানে তার সভা-সমাবেশই প্রমাণ করছে, মানুষ তাকে কতটা ভালোবাসে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরের বেলস পার্ক ময়দানে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, তারেক রহমান ইতোমধ্যে বাংলাদেশের মানুষের মনের প্রধানমন্ত্রী হয়ে গেছেন।
তিনি আরও বলেন, তারেক রহমান আপনি প্রধানমন্ত্রী হলে ভোলার উন্নয়ন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত তারেক রহমান তার ভাষণে বলেন, দীর্ঘ ১৫–১৬ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। নিশিরাতের ভোট ও ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের রায়কে অবমূল্যায়ন করা হয়েছে। ২০২৪ সালে ছাত্র–জনতার আন্দোলনের মুখে সেই ব্যবস্থার পতন ঘটে এবং বাংলাদেশ আবার জনগণের হাতে ফিরে এসেছে।
বিএনপির চেয়ারম্যান অভিযোগ করে বলেন, বাংলাদেশে নতুন এক ধরনের জালিমের আবির্ভাব হয়েছে, যারা গুপ্ত সংগঠনের মাধ্যমে জনগণের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।