জানা নিউজ

তবে কি শাকিব খানের সাথে জুটি বাঁধছেন কিনজা হাশমি?

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ছবিতে তার বিপরীতে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমির জুটি বাঁধার সম্ভাবনা নিয়ে বিনোদন অঙ্গনে জোর আলোচনা চলছে। ছবিটির মুক্তির লক্ষ্য ধরা হয়েছে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহা। এর আগে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্রের পর পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে নতুন এই প্রজেক্টে যুক্ত হয়েছেন শাকিব খান। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ছবিটির মূল দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ছবির ফার্স্ট লুক পোস্টারে শাকিব খানের সঙ্গে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত দেখা গেলেও তার মুখ প্রকাশ করা হয়নি। এই রহস্য দর্শকদের মনে নায়িকার পরিচয় নিয়ে তুমুল কৌতূহল তৈরি করেছে। ছবির ঘোষণার শুরু থেকেই পাকিস্তানের বেশ কয়েকজন শীর্ষ অভিনেত্রীর নাম আলোচনায় উঠে আসে। সেই তালিকায় ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন চলচ্চিত্রভিত্তিক পেজে জোর গুঞ্জন উঠেছে যে, নির্মাতাদের পছন্দের তালিকায় জোরালোভাবে জায়গা করে নিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়জগতে পদার্পণ করেন কিনজা হাশমি। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা ও মনোনয়ন লাভ করেন। এছাড়া তার অন্যান্য পরিচিত কাজের মধ্যে রয়েছে ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ এবং দর্শকপ্রিয় টেলিফিল্ম ‘রুপোশ’। নাটকের পাশাপাশি তিনি ‘কাট্টার করাচি’ এবং ‘শারোজ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পরিচালকের পক্ষ থেকে কোনো অভিনেত্রীর সঙ্গেই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের তথ্য নিশ্চিত করা হয়নি। নির্মাতারা জানিয়েছেন, শাকিব খানের বিপরীতে নায়িকার নাম কোনো সাধারণ ঘোষণার মাধ্যমে জানানো হবে না। বরং জমকালো এক উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক চমক হিসেবে এটি প্রকাশ করা হবে। কিনজা হাশমির সঙ্গে নির্মাতাদের প্রাথমিক আলোচনা চলছে কি না, তা জানতে হলে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।