জানা নিউজ

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

বিদায়ী ভারপ্রাপ্ত কমিশনার মো. সারোয়ারের চাকরির মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

ডিএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর আব্দুল গণি রোডে অবস্থিত ডিএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

দায়িত্ব গ্রহণের পর এস এন নজরুল ইসলাম জানান, সরকারি নিয়ম অনুযায়ী মো. সারোয়ার অবসরে গেছেন। নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নজরুল ইসলামকে সম্প্রতি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হলেও তিনি সেখানে এখনো যোগদান করেননি। এ অবস্থায় তাকে ডিএমপির অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়।