বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাচ্ছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব ছাড়ায় এই ফরম্যাটে নতুন অধিনায়কের খোঁজে ছিল বিসিবি। সেখানেই নাহিদাকেই চূড়ান্ত করা হয়েছে। নাহিদার অধিনায়ক হতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। বিসিবির নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম বাবু ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন। ক্রিকবাজকে বাবু জানিয়েছেন, ‘আমরা নির্বাচক প্যানেলের সদস্যসহ সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বসে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নাহিদার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে। নাহিদা দীর্ঘদিন ধরেই সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছে। এখন আমরা মনে করছি, তাকে আমাদের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেওয়ার উপযুক্ত সময় এসেছে।’ দীর্ঘদিন বাংলাদেশ নারী দলের সব ফরম্যাটের অধিনায়ক ছিলেন নিগার সুলতানা জ্যোতি। তবে সর্বশেষ এশিয়ান গেমস এবং এশিয়া কাপের ব্যর্থতার পর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। মেইলে বিসিবিকে তা জানিয়েও দেন। এরপরই নতুন অধিনায়কের খোঁজে নামে ক্রিকেট বোর্ড। আলোচনায় ছিল দুটি নাম – নাহিদা আক্তার এবং সোবহানা মোস্তারী। এর মধ্যে নাহিদা দীর্ঘদিন ছিলেন দলের সহ-অধিনায়ক। এবার টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন নাহিদা আক্তার, সহ-অধিনায়ক হচ্ছেন সোবহানা মোস্তারী। ওয়ানডেতে নিগার সুলতানা জ্যোতি এখনও অধিনায়কের দায়িত্বে আছেন। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে অস্ট্রেলিয়া নারী দলের কাছে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ নারী দল।